কোটালীপাড়ায় সেমিফাইনালে লাল কার্ড নিয়ে সংঘর্ষ, আহত ৯ জন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)।
মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। রোববার চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল।
খেলার সময় উত্তরপাড়া একাদশের একজন খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেন। এ নিয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও কমিটির লোকজনের তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে কমিটির লোকজন উত্তরপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, খেলার মধ্যে তাদের দলের খেলোয়াড়কে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় ঘুষি ও লাথি মারে। এই ঘটনার প্রতিবাদ করলে কমিটির লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় তাদের অন্তত ৯ জন আহত হয়েছে বলে তিনি জানান।
মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, তারা কাউকে মারধর করেননি। খেলা দেখতে আসা সমর্থকেরা তাদের মারধর করেছে। তাদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




