নিউইয়র্ক ম্যারাথনে অভিষেকেই চ্যাম্পিয়ন আলমগ্রেন, নারীদের শিরোপা ধরে রাখলেন চেপকিরুই

নিউইয়র্ক সিটি ম্যারাথনে অভিষেকেই পুরুষদের শিরোপা জিতলেন সুইডেনের আন্দ্রেয়াস আলমগ্রেন। আর নারীদের দৌড়ে কেনিয়ার শিলা চেপকিরুই জিতলেন তাঁর দ্বিতীয় শিরোপা। রোববার অনুষ্ঠিত এই দৌড়ে দুজনেই শেষ মুহূর্তের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন।
২৬ দশমিক ২ মাইলের দূরত্বে এটাই ছিল আলমগ্রেনের প্রথম প্রতিযোগিতা। এর আগে তিনি হাফ ম্যারাথন ও ১০ হাজার মিটারে সফল ক্যারিয়ার গড়েছেন। দৌড়ের শেষ মাইলে ইতালির ইয়েমানেবেরহান ক্রিপ্পাকে পেছনে ফেলে তিনি ২ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ডে ফিনিশ লাইন ছোঁন।
ক্রিপ্পা আলমগ্রেনের চেয়ে ১৩ সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় হন। তৃতীয় হয়েছেন লেসোথোর কামোহেলো মোফোলো, যিনি বর্তমান চ্যাম্পিয়ন বেনসন কিপরুতোকে পেছনে ফেলেন। শেষ মাইলেই কিপরুতোকে ছাড়িয়ে যান আলমগ্রেন এবং শেষ মিটারগুলোতে এতটা এগিয়ে ছিলেন যে হাত নেড়ে দর্শকদের অভিনন্দন নিতে নিতে ধীরে ধীরে লাইন পার হন।
জয়ের পর আলমগ্রেন বলেন, ‘কোনো দৌড়ের পর আমি সম্ভবত কখনো এতটা আবেগপ্রবণ হইনি। ৫ কিলোমিটার বাকি থাকতে মনে হচ্ছিল আজ আমার পা চলছে। শেষদিকে বেশ বড় ব্যবধান দেখে ভাবলাম, শেষ কয়েকশ মিটার উপভোগ করে নিই—কারণ এমন অভিজ্ঞতা অনেকের ভাগ্যে জোটে না।’
নারীদের দৌড়ে চেপকিরুই ২০২৪ সালের পর আবার শিরোপা জিতলেন। তিনি শেষ ১৫০ মিটারে স্বদেশি হেলেন ওবিরিকে পেছনে ফেলে ২ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করেন।
চেপকিরুই বলেন, ‘শেষ মাইলটা সত্যিই কঠিন ছিল। জানতাম ধৈর্য ধরতে হবে, কারণ হেলেন খুব শক্তিশালী ছিল; তাই ফিনিশ লাইন পর্যন্ত আমাকে জোরে ঠেলতে হয়েছে। আমি খুব খুশি।’
নারীদের দৌড়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা ম্যাকক্লেইন। শেষ মুহূর্তে তিনি দুবারের চ্যাম্পিয়ন ওবিরিকে পেছনে ফেলেন এবং চেপকিরুইয়ের চেয়ে মাত্র ছয় সেকেন্ড পেছনে থাকেন। ২০১৮ সালের পর এই প্রথম কোনো মার্কিন নারী এই ম্যারাথনের শীর্ষ তিনে জায়গা পেলেন।
ম্যাকক্লেইন বলেন, ‘দিনটা ছিল সত্যিই আনন্দের ও জাদুকরী। ১৮ মাইল পর্যন্ত সত্যিই ভালো লাগছিল না; শুধু লেগে ছিলাম। আসলে কী ঘটল জানি না, তবে আমি এর চেয়ে খুশি হতে পারতাম না।’
রোববারের এই দৌড়ে শুরুর লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় ৬০ হাজার দৌড়বিদ, যাঁদের প্রায় অর্ধেকই নারী।




