টানা দশম দিন হেবরনে ইসরায়েলি অবরোধ, ক্ষতি ছাড়িয়েছে ৩৮ লাখ ডলার
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে টানা দশম দিন ধরে অবরোধ বজায় রেখেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে অভিযান আরও বিস্তৃত করার হুমকি দেওয়া হয়েছে এবং আরও ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে।
গত ২৩ অক্টোবর হেবরনের কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর শহরটিতে এই লকডাউন আরোপ করা হয়।
স্থানীয় পৌরসভার তথ্য অনুযায়ী, এরপর থেকে ৩ হাজার ৩০০-র বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ধ্বংস করা হয়েছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
হেবরনের মেয়র ইউসেফ আল-জাবারি শনিবার আল জাজিরাকে বলেন, প্রতিদিনের অর্থনৈতিক ক্ষতি ১ কোটি ২০ লাখ শেকেলের বেশি, যা প্রায় ৩৮ লাখ ডলার। অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৯ লাখ ডলারের বেশি এবং স্বাস্থ্য ও পরিবেশ খাতে ক্ষতি প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার বলে তিনি জানান।
মেয়র জানান, ইসরায়েলি বাহিনী ১৫টি বাড়ি ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং ৩২৭টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য করেছে। প্রায় ৮০ হাজার শিক্ষার্থী টানা ১০ দিন স্কুলে যেতে পারেনি বলেও তিনি জানান।
আল-জাবারি বলেন, ফিলিস্তিনি অর্থনীতির প্রায় ৪০ শতাংশের হিস্যা হেবরনের, আর এই অবরোধ ‘সমষ্টিগত শাস্তি’-র শামিল।
শহর ও আশপাশের ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে সেনাবাহিনী শিগগিরই হামলা আরও বাড়াতে পারে।
রোববার হেবরনসহ অধিকৃত পশ্চিম তীরের অন্যান্য শহরেও ফিলিস্তিনিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় ১০ জন ফিলিস্তিনি শিক্ষককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী এবং তাদের গাড়ি জব্দ করা হয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত এবং আল জাজিরার যাচাই করা ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি সেনাদের অভিযান চালাতে দেখা গেছে।
জাতিসংঘের মানবিক কার্যালয় ওসিএইচএ জানিয়েছে, অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৩৯৭টি হামলা চালিয়েছে, যা ২০০৬ সালে পর্যবেক্ষণ শুরুর পর সর্বোচ্চ মাসিক সংখ্যা বলে ওয়াফা জানিয়েছে।
২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বসতি স্থাপনকারীদের হামলা হয়েছে ৪৯টি ফিলিস্তিনি জনপদে, বেশিরভাগই জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের জমিতে।
বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর হাতে আহত ৫৭ ফিলিস্তিনির মধ্যে ৯ জন শিশু ছিল; ৩৪ জন আহত হয়েছেন সেনাদের গুলি ও শারীরিক হামলায় এবং ২৩ জন বসতি স্থাপনকারীদের হামলায়।
কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের শুরু থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্পত্তির বিরুদ্ধে ৯ হাজার ৫১৮টি ধ্বংস বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে, যার মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসেই দেওয়া হয়েছে ৩৪৪টি।



