ঢাবির জগন্নাথ হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহা আটক, পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) বিকেলে হলের একটি ক্যান্টিন থেকে তাঁকে আটক করা হয়।
আটকের সময় অর্ক সাহা মারধরের শিকার হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর তাঁকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে শনাক্ত করে আটক করেন।
পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে অর্ক সাহাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রলীগের পদধারী কারও নামে বর্তমানে হলে আসন বরাদ্দ নেই; তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে। অর্ক সাহা মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে।
প্রাধ্যক্ষ আরও বলেন, অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন দেখবে।
জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় অভিযোগ করেন, সম্প্রতি হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




