শাহরুখের ৬১তম জন্মদিনে মান্নাতের সামনে ভক্তের ভিড়, কড়া নিরাপত্তা, প্রকাশ পেল ‘কিং’-এর প্রথম গান
বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে সোমবার (২ নভেম্বর) মুম্বাইয়ে তাঁর বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকাকে একনজর দেখতে ভক্তরা সেখানে ভিড় করেছেন।
ভক্তদের উচ্ছ্বাসের মধ্যে মান্নাতের সামনে নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। সোমবার ভোররাত থেকেই বাড়ির বাইরে ভিড় করতে শুরু করেন অনুরাগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ির সামনে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং মান্নাতের সামনে আসা গাড়িগুলো তল্লাশি করতে দেখা গেছে।
শাহরুখের জন্মদিন প্রতিবছরই ভক্তদের কাছে বিশেষ উপলক্ষ। এই দিনে তাঁর এক ঝলক দেখতে দূরদূরান্ত থেকে মুম্বাইয়ে ছুটে আসেন অনুরাগীরা। অনেক সময় বাড়ির বারান্দায় বা বিশেষ জায়গায় দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান শাহরুখও।
মান্নাতের সামনে অপেক্ষমাণ এক ভক্ত সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখের জন্মদিনে পুরো দেশেই বিশেষ আবহ তৈরি হয়, তবে মুম্বাইয়ের পরিবেশ থাকে অন্যরকম। থিয়েটার থেকে টেলিভিশন, এরপর সিনেমায় শাহরুখের দীর্ঘ পথচলার প্রশংসা করে তিনি বলেন, শুধু অভিনয় নয়, মানুষের সঙ্গে তাঁর আচরণ ও ব্যক্তিত্বই তাঁকে সবার কাছে বিশেষ করে তুলেছে।
এদিকে ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন শাহরুখ। তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশ করা হয়েছে। ‘তু মিল যায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ইংরেজি র্যাপ লিখেছেন এড শিরান। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর এবং গানের কথা লিখেছেন কুমার।
গানটির শুরুতে শাহরুখের সংলাপ ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ…’ দিয়ে দর্শক ‘কিং’-এর জগতে প্রবেশ করেন। এরপর শাহরুখ ও দীপিকাকে ক্যাফে ও সমুদ্রসৈকতসহ বিভিন্ন রোমান্টিক মুহূর্তে দেখা যায়। তবে গল্পের মোড় ঘোরে যখন শাহরুখের চরিত্রের সঙ্গে অবৈধ চোরাচালানের যোগসূত্র সামনে আসে, যা সিনেমাটির অ্যাকশন ও অপরাধজগতের আবহ সম্পর্কেও ধারণা দেয়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


