বিএনপি-আওয়ামী লীগ আসন-মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: বরিশালে চরমোনাই পীর
বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে তাঁদের জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি ‘পীরসাহেব চরমোনাই’ নামে পরিচিত। তিনি বলেছেন, তাঁর দল সেই প্রস্তাবে লোভ করেনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মহানগর শাখার নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
রেজাউল করীম বলেন, ‘হয়তো ২০-৩০টি এমপি কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং আমাদের লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদের সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। আওয়ামী লীগও সেই প্রস্তাব দিয়েছিল; আমরা লোভ করিনি।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতার লোভে নয়, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে রাজনীতি করি।’ তাঁর ভাষায়, তাঁরা নির্ভেজাল সত্যের পথে থেকে দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ রক্ষা করতে চান এবং এই লক্ষ্য নিয়েই রাজনীতি করেন।
বক্তব্যে তিনি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট করার সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন।
জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যখন আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলাম, আলহামদুলিল্লাহ, তখন আমিও বুঝতে পারিনি যে কঠিন মুহূর্তেও ইসলামী আন্দোলনের বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়বে। এটা আমরা কল্পনাও করতে পারিনি।’
তিনি বলেন, নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও তাঁরা হতাশ হননি কিংবা হাল ছাড়েননি। পরাজয় বা ভরাডুবি স্বাভাবিক বিষয় হলেও তাঁরা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাননি বলে তিনি উল্লেখ করেন।
রেজাউল করীম বলেন, জাতীয় নির্বাচন-২০২৬-এর পর ইসলামের নামে দল হিসেবে তৃতীয় অবস্থান দাবি করার মতো অবস্থানে আর কেউ নেই। তাঁর দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বলতে পারে, নির্ভেজাল ইসলামের আদর্শের রাজনীতি করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেছে। জাতীয় টেলিভিশনে ইশতেহার প্রকাশের সময় তাঁরা জাতির কাছে অঙ্গীকার করেছেন, আল্লাহ যদি তাঁদের ক্ষমতায় নেন, তাঁরা ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন।
ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই ইসলাম শব্দ শুনলে শিহরিত হন। তাদের কাছে ইসলাম যেন কোনো বাঘ বা ভালুকের মতো ভীতিকর কিছু। অথচ বাস্তবে ইসলাম একটি আদর্শ।’




