ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপে ভুয়া সতর্কবার্তা, রাশিয়াকে দায়ী করল কিয়েভ
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, তাদের বিমান হামলার সতর্কতা অ্যাপ রাশিয়ার দ্বারা হ্যাক হওয়ার পর ভুল বার্তা পাঠিয়েছে। রোববার কিয়েভ ও আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়, সেই সঙ্গে সম্ভাব্য রাস্তায় সংঘর্ষের সতর্কতাও পাঠানো হয়।
একটি ভুল বার্তায় আরও বলা হয়, রাশিয়ার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী রোববার টেলিগ্রামে বলেছে, ‘বিমান সতর্কতা অ্যাপটি শত্রুর প্রভাবের শিকার হয়েছে বলে মনে হচ্ছে। কোনো বিকিরণের হুমকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে আমাদের হালনাগাদ তথ্য অনুসরণ করুন।’
ইউক্রেনের কৌশলগত যোগাযোগ কেন্দ্র স্প্রাভদি এক্সে দেওয়া এক পোস্টে এই হ্যাকের জন্য রাশিয়াকে দায়ী করেছে।
এই হামলা-সতর্কতা অ্যাপটি সমগ্র ইউক্রেনজুড়ে রাশিয়ার আসন্ন বিমান হামলা সম্পর্কে মানুষকে রিয়েল টাইমে সতর্ক করতে ব্যবহৃত হয়। কিয়েভ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানীর জন্য আলাদা একটি অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছিল।
কয়েক ঘণ্টা পর, সোমবার ভোরের দিকে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বলেছে, তাদের মোবাইল অ্যাপ ‘ব্যাপক সাইবার হামলার’ শিকার হয়েছে। মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, এই হামলার ফলে ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে পড়ে।
রাশিয়া ও ইউক্রেনের এই ঘোষণাগুলো এসেছে খেরসনে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর। মঙ্গলবার শুরু হয়ে রোববার শেষ হওয়া এই স্থানীয় যুদ্ধবিরতিটি ছিল যুদ্ধের এখন পর্যন্ত দীর্ঘতম যুদ্ধবিরতি।



