ওয়ারীর বাসায় বসে যুক্তরাষ্ট্র থেকে চলত ‘কুশ’ ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে তিনি দেশে স্থাপিত এই মাদকের ল্যাব পরিচালনা করতেন।
রোববার ১ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের নাগরিক; দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বলেও জানিয়েছে সংস্থাটি।
ডিএনসির একটি সূত্র জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা তদন্ত করতে গিয়ে তৌসিফের বাসার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাব পাওয়া যায়।
ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগৃহীত কুশ ও চাষের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া সিসা সেবনের উপকরণ ও বিদেশি মদও পাওয়া যায়।
বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।
গত জানুয়ারিতে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল।
গ্রেপ্তারের পর তৌসিফের ডোপ টেস্টে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েডের উপস্থিতি পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে ১০টি মেথামফিটামিনযুক্ত ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএনসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস এবং সংশ্লিষ্টতার অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।




