গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, মোতায়েন মোট ১০ প্লাটুন বিজিবি

গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি দেখা গেছে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।
অন্যদিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় অবস্থান করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
গাজীপুর মেট্রো বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে, সড়কের যাত্রীদের দুর্ভোগ কমাতে ও বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।’
এদিকে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির উপস্থিতিও বাড়ানো হয়েছে।
গতকাল পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পর আজ আরও পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে গাজীপুরে মোতায়েন বিজিবির সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০ প্লাটুন।
এর আগে রবিবার সকালে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় দুপুর আড়াইটার দিকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।


