প্রার্থিতা প্রত্যাহার না করায় সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে চূড়ান্ত প্রার্থী এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন ২০২৬ উপলক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের পক্ষ থেকে একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
দাখিল করা মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইসির সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ নভেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।


