কাতারের মধ্যস্থতায় আলোচনার আশায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৩ শতাংশের বেশি

ইরান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতির আশা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। সোমবার (২ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলার পর বাজারে এই দরপতন দেখা যায়।
সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৬৮ সেন্ট, অর্থাৎ ৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ১০৯ ডলার ৭৫ সেন্টে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৪৩ সেন্ট বা ৩ দশমিক ৩ শতাংশ কমে নেমে আসে ১০০ ডলার ৬৯ সেন্টে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, গত সপ্তাহে উল্লেখযোগ্য দরবৃদ্ধির পর সোমবার সকালে বাজারে কারিগরি সংশোধনের প্রভাব দেখা যাচ্ছে।
ওয়াটারারের মতে, কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ এবং সপ্তাহান্তে উল্লেখযোগ্য সামরিক উত্তেজনা না বাড়ায় আপাতত তেলের দামের ওপর চাপ কিছুটা কমেছে।
তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে ঘিরে বক্তব্য ও উত্তেজনা আরও বাড়তে পারে। তাঁর আশঙ্কা, মধ্যবর্তী নির্বাচনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চলমান ও অগ্রসরমান এই আলোচনার উদ্দেশ্য কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা।
আরাগচি একই সঙ্গে জানিয়েছেন, তেহরান প্রতিরক্ষা ও কূটনীতি—উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে।




