…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চার মাসেও জানা গেল না কেন খুন হলেন মা ও তিন বোন: রায়পুরের জুনায়েদের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
চার মাসেও জানা গেল না কেন খুন হলেন মা ও তিন বোন: রায়পুরের জুনায়েদের প্রশ্ন
ছবি: সংগৃহীত

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনও সেই কারণই জানতে পারলাম না।’ কথাগুলো বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন লক্ষ্মীপুরের রায়পুরের জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। মা ও তিন বোনকে হারানোর পর এখন একাই দিন কাটছে তাঁর।

গত ২৫ জুন রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার একটি ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জুনায়েদের মা শাহিনুর বেগম (৪০) এবং তিন বোন সাইমা আক্তার (২১), নাফিসা আক্তার ওরফে ইকরা (১৭) ও ফাতেমা আক্তার ওরফে সিফা (১০)। পরিবারের একমাত্র জীবিত সদস্য এখন জুনায়েদ।

স্বজনদের হারানোর পর পাশের একটি বাসায় থাকছেন তিনি। জীবিকার প্রয়োজনে এলাকার একটি রড-সিমেন্টের দোকানে কাজ নিয়েছেন। দিনের বেশির ভাগ সময় দোকানে কাটলেও রাতে বাসায় ফিরলেই ফিরে আসে পুরোনো স্মৃতি; মা ও বোনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁকে তাড়িয়ে বেড়ায়।

জুনায়েদের ভাষায়, দিনের বেলায় কাজের মধ্যে থাকায় কিছুটা সময় কাটে। কিন্তু রাতে ঘরে ফিরলে শূন্যতা আরও বেশি অনুভব করেন। ঘুমাতে গেলেও চোখের সামনে ভেসে ওঠে মা ও বোনদের মুখ; তাঁদের সঙ্গে আর কখনও দেখা হবে না—এই বাস্তবতা মেনে নিতে পারছেন না তিনি।

শোকের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ জানতে না পারার হতাশাও তাঁকে কুরে কুরে খাচ্ছে। জুনায়েদ চান, ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা হোক। তাঁর প্রশ্ন, অভিযুক্ত অন্তর মজুমদার একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল।

ঘটনার দিন বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে হত্যা করা হয়। হত্যার পর পালানোর সময় স্থানীয় লোকজন অন্তর মজুমদার (২৮) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।

ঘটনার পরদিন ধানহাটা এলাকায় জানাজা শেষে নিহত চারজনের মরদেহ কুমিল্লার হোমনায় তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় জুনায়েদ রায়পুর থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে প্রেমঘটিত বিরোধ, অর্থ লেনদেন, স্বর্ণালংকার লুট কিংবা ব্যক্তিগত শত্রুতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব সম্ভাবনার কোনোটিই নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের বাসায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ কারণে শুধু লুটপাটের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না পুলিশ।

পরিবারের ব্যবহৃত দুটি মুঠোফোন বাসায় পাওয়া যায়নি। পরে অন্তরকে গণপিটুনি দেওয়ার স্থান থেকে ফোন দুটি উদ্ধার করা হয়। সেগুলো তিনি বাসা থেকে নিয়ে গিয়েছিলেন কি না, তাও তদন্তের বিষয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অন্তরের নিয়মিত মুঠোফোনে যোগাযোগ ছিল কি না তা যাচাই করা হয়েছে; তবে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।

দুটি মামলার তদন্ত করছেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান। তিনি বলেন, মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে; সাক্ষ্যপ্রমাণ, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত, ফরেনসিক ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে এবং প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড
আইন ও অপরাধ

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিম…

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে
আইন ও অপরাধ

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।…

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির হত্যায় মামলা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির হত্যায় মামলা, গ্রেপ্তার ১

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমুসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্য…