…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চীনা সরকারি বৃত্তি পেলেন বুটেক্সের পাঁচ সাবেক শিক্ষার্থী, পড়ছেন ডংহুয়া ও উহানে

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয় চীন সরকার। এর মধ্যে অন্যতম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস), যা চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) মাধ্যমে পরিচালিত হয়। বৃত্তির ধরন ও শর্ত অনুযায়ী এতে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

২০২৬–২৭ শিক্ষাবর্ষে এই স্কলারশিপ অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন পাঁচজন শিক্ষার্থী। তাঁরা চীনের ডংহুয়া বিশ্ববিদ্যালয় ও উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন বা পড়ার সুযোগ পেয়েছেন।

বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান চীনের সাংহাইয়ে অবস্থিত ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। তিনি চীন সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় এই সুযোগ পেয়েছেন। স্কলারশিপ পাওয়ার সময় তিনি একটি কারখানায় কর্মরত ছিলেন।

নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জিয়াউর রহমান জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নেওয়ার পর তিনি ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এবং ইমেইলের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএসের স্কোর ও একাডেমিক ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সম্পর্কে জিয়াউর রহমান বলেন, সেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য অধ্যাপকদের অধীনে পৃথক ল্যাব আছে; এসব ল্যাবে বিভিন্ন ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি থাকায় শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজন অনুযায়ী নমুনা তৈরি করতে পারে। তাঁর মতে, বুটেক্সে স্নাতক পর্যায়ে এ ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি ও ব্যবহারিক গবেষণার সুযোগ আরো বাড়ানো প্রয়োজন।

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হাসান গাজী একই স্কলারশিপের আওতায় চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। রাকিব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস নিয়ে উচ্চশিক্ষার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এটি তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

চীনে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের উদ্দেশে রাকিব বলেন, ভালো সিজিপিএ বজায় রাখার পাশাপাশি গবেষণাপত্র, সম্মেলনে প্রকাশনা ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অধ্যাপকদের গবেষণার ক্ষেত্র সম্পর্কে জেনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো প্রস্তুত রাখাও জরুরি। ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফলের স্কোর সুবিধা দিতে পারে, আর প্রাথমিক চীনা ভাষা শেখা দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে বলেও জানান তিনি। চীনে যাওয়ার পর ভাষার পার্থক্য, খাবার ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও অনুবাদের অ্যাপ ব্যবহার ও প্রয়োজনীয় চীনা বাক্য অনুশীলনের মাধ্যমে তা সামলানো সম্ভব হয়েছে বলে জানান রাকিব।

বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ইমন ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন সিএসসি স্কলারশিপের আওতায়। আবেদনপ্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রথমে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের শর্ত সম্পর্কে খোঁজ নেন; এরপর একাডেমিক কাগজপত্র, সিভি, স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র প্রস্তুত করে আইইএলটিএসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দিয়ে মেডিকেলসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে ইমন বলেন, স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষায় যেতে হলে স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি শুরু করা, ভালো একাডেমিক ফল বজায় রাখা এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা জরুরি। পাশাপাশি সিভি শক্তিশালী করা, সুস্পষ্ট স্টাডি প্ল্যান তৈরি এবং সুপারিশপত্রের জন্য শিক্ষকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। আর্থিক সীমাবদ্ধতার কারণে স্বপ্ন থেকে পিছিয়ে না যাওয়ার কথাও বলেন তিনি।

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসান মাজহারুল হক উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে ফুল-ফান্ডেড বৃত্তি পেয়েছেন, যার আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা রয়েছে। বুটেক্সে পড়ার সময় ফাইবার কম্পোজিট, টেকসই উপকরণ, পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও টেক্সটাইলের স্থায়িত্ব নিয়ে কাজের অভিজ্ঞতা তাঁর গবেষণার আগ্রহকে স্পষ্ট করেছে বলে জানান হাসান।

বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন একই স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে। পরিবারের প্রথম সদস্য হিসেবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় এই অর্জনকে তিনি নিজের ও পরিবারের জন্য আবেগ ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। বুটেক্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা তাঁর গবেষণার আগ্রহ তৈরি করেছে; উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অ্যারোজেলের মতো উন্নত উপাদান নিয়ে বিশ্বমানের গবেষণাগারে কাজের সুযোগ পেয়েছেন বলেও জানান শাওন। তাঁর ক্ষেত্রে চীনে আসার জন্য ভাষা পরীক্ষা বা চীনা ভাষা জানা বাধ্যতামূলক ছিল না।

শিক্ষা বিভাগের আরও খবর

নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক
শিক্ষা

নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক

নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়…

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার
শিক্ষা

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার

অভাব-অনটনের সংসারে পড়ালেখার খরচ জোগাতে হয়েছে সংগ্রাম। সেই প্রতিকূলতার মধ্যেও দমে যাননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয…

পরীক্ষায় অসদুপায়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
শিক্ষা

পরীক্ষায় অসদুপায়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত…

শিক্ষা

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট

সারা দেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।…