পরীক্ষায় অসদুপায়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মাছুদুল হক তালুকদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি উপস্থাপন করা হয়। পরে ২৫ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় প্রতিবেদন সাপেক্ষে অনুমোদনের পর অভিযুক্তদের অপরাধের বিস্তারিত পর্যালোচনা করে শাস্তি কার্যকর করা হয়।
পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(৭) ধারার অপরাধের জন্য ৬(২) উপধারা অনুযায়ী বিভিন্ন বিভাগের ১৮ শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুজন, ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন।
এছাড়া দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুজন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন করে শিক্ষার্থী এই তালিকায় রয়েছেন।
অন্যদিকে, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(১) ধারার অপরাধের জন্য ৬(১) উপধারা অনুযায়ী কয়েকজন শিক্ষার্থীর নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, যার মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ডিএস-৫২০৫ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন (পুনর্ভর্তি) এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন শিক্ষার্থীর বিএসএস চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পিএ-৪১০৪ নম্বর কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে। এছাড়া সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এমএসএস দ্বিতীয় সেমিস্টারের ৫২০৭ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এছাড়া পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(১১) ধারার অপরাধের জন্য ৬(৩) উপধারা অনুযায়ী বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী এক সেমিস্টারের সব পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অফিস আদেশের মধ্য দিয়ে মোট ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হলো।



