এমবাপ্পের মাও-মন্তব্যের জের কাটেনি: ক্ষমা চাওয়ার পরও চীনের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার হয়নি রিয়াল মাদ্রিদের ম্যাচ
স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার হয়নি। কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার পরও এই সিদ্ধান্ত বদলায়নি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববারের ম্যাচটি গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হলেও চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির দুটি ক্রীড়া চ্যানেলের কোনোটিতেই তা দেখানো হয়নি। লা লিগার ১১তম ম্যাচ সপ্তাহের আর কোনো ম্যাচও এখন পর্যন্ত সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়নি।
বিতর্কের শুরু এপ্রিলে ধারণ করা এমবাপ্পের একটি ভিডিও থেকে, যা সম্প্রতি ভাইরাল হয়। ভিডিওতে নিজের সম্পর্কে দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলতে গিয়ে রিয়ালের ফরাসি ফরোয়ার্ড বলেন, সেটি ছিল তাঁর মুখ বসানো এক ব্যক্তির ছবি—তাঁর ভাষায়, ‘মনে হয় তিনি একজন চীনা স্বৈরশাসক।’ ধারণা করা হয়, এটি ছিল চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসানো একটি মিমের প্রসঙ্গ।
চীনে মাওকে নিয়ে কৌতুক করা নিষিদ্ধপ্রায় বিষয়। মাও ১৯৭৬ সালে মারা যান, আর ইতিহাসবিদদের মতে তাঁর নীতির কারণে ব্যাপক দুর্ভিক্ষ ও লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এমবাপ্পের মন্তব্য ঘিরে চীনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং বড় বড় চীনা ব্র্যান্ড তাঁর সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করে।
ঘটনার পর এমবাপ্পে তাঁর মন্তব্যকে ‘বিবেচনাহীন’ বলে ক্ষমা চান। লা লিগা কর্তৃপক্ষ জানায়, তারা এই মন্তব্যের জন্য ‘গভীরভাবে’ দুঃখিত, আর রিয়াল মাদ্রিদও একইভাবে দুঃখ প্রকাশ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা খেলোয়াড়টির ক্ষমাপ্রার্থনাকে ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে।
সিসিটিভির তত্ত্বাবধানকারী সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ২৬ অক্টোবর লা লিগার সম্প্রচার স্থগিতের কথা জানিয়েছিল। সংস্থাটি তখন বলেছিল, এই বিতর্ক কাটিয়ে ওঠার জন্য লা লিগা, এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমা চাওয়া ‘অবশ্য প্রয়োজনীয় পূর্বশর্ত’। পরে সিসিটিভির ক্রীড়া ওয়েবসাইট জানায়, সিএমজি ক্ষমাপ্রার্থনাগুলো আমলে নিয়েছে; তবে পরিস্থিতি সামলাতে আলোচনা শুরু হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। আল জাজিরা এ বিষয়ে লা লিগার মন্তব্য চাইলেও প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে না দেখালেও লা লিগার ম্যাচ সম্প্রচার হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না মোবাইলের ডিজিটাল স্ট্রিমিং সেবা মিগুতে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার বার্সেলোনার আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ের ম্যাচটি সেখানে দেখানো হলেও রেসিং সান্তান্দার-রিয়াল মাদ্রিদ ম্যাচটি সেখানে দেখা গেছে বলে মনে হয়নি।
শনিবার রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও বলেছেন, বিতর্কটি পেছনে ফেলতে ক্লাব ‘নিজেদের কাজটুকু করেছে’।
ইউরোপীয় ফুটবলের জন্য চীন বিশাল বাজার। সিসিটিভি ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি জার্মানি, ফ্রান্স ও ইতালির শীর্ষ লিগের ম্যাচও সম্প্রচার করে। চীনের রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে বিদেশি লিগ ও খেলোয়াড়দের বিপাকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়—২০১৯ সালে হিউস্টন রকেটসের তৎকালীন জেনারেল ম্যানেজার ড্যারিল মোরে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে টুইট করার পর এনবিএর সঙ্গে চীনের সম্পর্ক কয়েক বছর ধরে প্রায় ছিন্ন ছিল।


