বাবরকে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ মোহাম্মদ ইউসুফের

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে না ওঠা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেললে বাবর আরো চাপে পড়তে পারেন।
ইউসুফের পরামর্শ, ঘরোয়া ক্রিকেটের বদলে বাবরের উচিত ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো বিশেষায়িত ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া।
সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচে মাত্র ১১৮ রান করেছেন বাবর। তার গড় ছিল ২৩ দশমিক ৬০ এবং স্ট্রাইক রেট ছিল ৭৪ দশমিক ২১। এমন পারফরম্যান্সের পর তার ব্যাটিংয়ের টেকনিক্যাল দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউসুফ।
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির প্রথম রাউন্ডে লাহোর হোয়াইটসের হয়ে খেলবেন বাবর। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন ইউসুফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লেখেন, টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। তিনি লেখেন, ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতা বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে আরো নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই তাকে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠানো উচিত।
তবে বাবরের সামর্থ্য নিয়ে আস্থা রয়েছে ইউসুফের। তার বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা পেলে আবারো নিজের সেরা ছন্দে ফিরবেন পাকিস্তানের এই ব্যাটার।
টেস্ট ক্রিকেটেও দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন বাবর। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রান করার পর আর সেঞ্চুরির দেখা পাননি তিনি। ২০২৩ সাল থেকে টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ৩০ দশমিক ৪৩; এই সময়ে ৩৯ ইনিংসে তিনি করেছেন আটটি অর্ধশতক।
চলতি বছরের শুরুতে সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছিলেন বাবর। প্রেসিডেন্টস ট্রফিতে ওজিডিসিএলের হয়ে খেলেছিলেন তিনি। এবার কায়েদ-ই-আজম ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


