হ্যাকিং চেষ্টার কবলে বিসিবির ইনস্টাগ্রাম, সন্দেহজনক লিংকে ক্লিক না করতে সতর্কবার্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। হ্যাকিংয়ের চেষ্টার পর অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে।
বিসিবি জানিয়েছে, রবিবার (১ নভেম্বর) রাতে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়। এরপর থেকেই অ্যাকাউন্টটিতে একের পর এক অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সন্দেহজনক বার্তাগুলোতে রয়েছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংক; সঙ্গে রয়েছে ফিশিংয়ের ঝুঁকিও।
পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে বিসিবি। সতর্কবার্তায় বোর্ড জানিয়েছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক লিংকগুলোতে কেউ যেন ক্লিক না করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংক খোলা কিংবা সেগুলোর সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত কোনো গোপন তথ্য এসব লিংকের মাধ্যমে শেয়ার না করার জন্য সতর্ক করেছে বিসিবি। একই সঙ্গে সন্দেহজনক বার্তাগুলো উপেক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে, অ্যাকাউন্টটির নিরাপত্তা নিশ্চিত ও পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে বিসিবি। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে পরবর্তী আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

