উজিরপুরে দাতা না পেয়ে নিজেই রক্ত দিলেন চিকিৎসক, বাঁচলেন মুমূর্ষু রোগী আঞ্জুরা বেগম

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি মুহূর্তে রক্তদাতা না পেয়ে নিজেই রক্ত দিয়ে এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।
গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম পাওয়া যায় এবং তার রক্তক্ষরণ চলছিল।
রোগীর অবস্থা মুমূর্ষু হওয়ায় এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের চিকিৎসক দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন।
আঞ্জুরা বেগমের দিনমজুর স্বামী মঞ্জু হাওলাদার বলেন, তার স্ত্রীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজেটিভ’। আত্মীয়স্বজনসহ বিভিন্ন ব্লাড ডোনারের সঙ্গে যোগাযোগ করেও পরের দিন রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো রক্তদাতার সন্ধান পাওয়া যায়নি। রক্তশূন্যতায় ক্রমে নিস্তেজ হয়ে পড়ছিলেন আঞ্জুরা বেগম।
বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ডা. মাহিদুল ইসলাম তুহিন। নিজের রক্তের গ্রুপের সঙ্গে রোগীর রক্তের ক্রস ম্যাচিং করে মিল পাওয়ায় তিনি নিজেই রোগীকে রক্তদান করেন।
পুরো বিষয়টি ডা. মাহিদুল ইসলাম তুহিন সোমবার (২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তার মানবিকতার প্রশংসা করেন।
ডা. মাহিদুল ইসলাম তুহিন বলেন, উজিরপুরের এমন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা উচিত।




