হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৫৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৫৪৮ শিশু। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৪৯২ শিশু।
এই তিন মৃত্যু নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৫২ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
একই সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৯৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯৭ হাজার ৫৪৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।




