গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে চুক্তি হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান।
শামা ওবায়েদ বলেন, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিনিধিত্ব রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক আলোচনাটি ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ আশা করছে।
তিনি আরও বলেন, যে চুক্তিটি এ বছর মেয়াদোত্তীর্ণ হচ্ছে, সেটি আবার নবায়ন হবে বলে বাংলাদেশ বিশ্বাস করে ও আশা রাখে।
চুক্তি নবায়ন হবে নাকি নতুন কোনো কাঠামোয় আলোচনা হবে—এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।
পানিসংকটের সমাধানে ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ ও মানুষের পানির চাহিদা বিবেচনায় রেখেই ভারতের সঙ্গে আলোচনায় এগিয়ে যাবে সরকার।



