রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৭২ কেজির তিন মাছ, কাতারপ্রবাসীর কাছে বিক্রি ১ লাখ ৬০ হাজারে

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া দুটি কাতল ও একটি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি।
সোমবার (২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছ তিনটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, ভোররাতে জেলে সেকেন হালদার তাঁর দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যান এবং পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। জাল তুললে তাঁরা দেখতে পান, বিশাল আকৃতির দুটি কাতল ও একটি বাঘাইড় আটকা পড়েছে।
সকালে মাছ তিনটি দৌলতদিয়া মৎস্য আড়তে এনে ওজন করা হয়। বাঘাইড় মাছটির ওজন হয় ২৫ কেজি, একটি কাতলের ওজন ২৫ কেজি এবং অপর কাতলটির ওজন হয় ২২ কেজি।
আড়তে উন্মুক্ত নিলামে কাতল দুটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ১ লাখ ৮ হাজার ১০০ টাকায় এবং বাঘাইড়টি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ৪০ হাজার টাকায় আড়তদার কিনে নেন।
পরে এক কাতারপ্রবাসী আড়ত থেকে কাতল দুটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাঘাইড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪২ হাজার টাকায় কিনে নেন।



