এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের, ‘জনজীবনে নতুন সংকট তৈরি হবে’ বললেন গোলাম পরওয়ার

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও বাড়ানোয় জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ায় সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়বে।
তিনি বলেন, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে, অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ার বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থে নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি দাবি জানান।



