…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

আনোয়ারার পারকিতে কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে টানেল সার্ভিস এলাকা ও বেড়িবাঁধ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ারার পারকিতে কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে টানেল সার্ভিস এলাকা ও বেড়িবাঁধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতসংলগ্ন কর্ণফুলী নদী থেকে ড্রেজার ও বুস্টার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু তোলায় পারকি সৈকত, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এবং ৫০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

উপজেলা প্রশাসন বলছে, সৈকতসংলগ্ন নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, ‘পারকি সৈকতসংলগ্ন নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। কারা বালু উত্তোলন করছে, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার দুপুরে সরেজমিনে পারকি সমুদ্রসৈকতের কর্ণফুলী টানেল সার্ভিস এলাকার কাছে সাগরে দুটি বাল্কহেড ও একটি ড্রেজার দেখা যায়। উপকূলে বসানো ছিল দুটি বুস্টার মেশিন। পাইপলাইনের মাধ্যমে বালু নিয়ে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাট করা হচ্ছিল।

স্থানীয়দের ভাষ্য, গত ১২ দিন ধরে এভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাঁদের দাবি, বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও উপকূলীয় ভারসাম্য ব্যাহত হতে পারে। বর্ষা বা ঘূর্ণিঝড়ের সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

গত শনিবার ও সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পারকি সমুদ্রসৈকতসংলগ্ন কর্ণফুলী নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। ঝাউবাগানের ভেতর দিয়ে পাইপলাইন বসিয়ে বালু কর্ণফুলী টানেল সার্ভিস এলাকার কাছে নেওয়া হচ্ছে। সেখানে বাল্কহেডে জমা করে প্রায় এক কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার প্রিমিয়ার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় বারশত ইউনিয়নের রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটের কাজ করছে। কাজের তদারকিতে রয়েছেন প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. সাইফুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন কর্মী।

উপকূলীয় এলাকা রক্ষায় ১৯৯৩-৯৪ ও ২০০২ সালে পর্যায়ক্রমে পারকি ও আশপাশের প্রায় ৮০ হেক্টর এলাকায় ঝাউগাছ লাগায় বন বিভাগ। পরে গাছগুলো বড় হয়ে উঠলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। স্থানীয়দের কাছে এলাকাটি ঝাউবাগান নামেও পরিচিত।

স্থানীয় বাসিন্দা ও সৈকতে ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটের জন্য পারকি থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে পারকি সৈকত ও কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকিতে পড়তে পারে। ৫০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল সার্ভিস এলাকাও হুমকিতে রয়েছে। তাঁরা স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের আহ্বান জানান।

সরেজমিনে দেখা যায়, সৈকত ভেদ করে আসা ড্রেজারের পাইপলাইন দিয়ে বালুর সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছও উঠে আসছে। স্থানীয় কয়েকজনকে জাল ও হাত দিয়ে মাছগুলো সংগ্রহ করতে দেখা যায়।

পারকি এলাকার বাসিন্দা হাবিব, হাসান ও আজগর বলেন, পারকি সৈকতসংলগ্ন নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়দের আপত্তি ছিল। শুরুতে এলাকার লোকজন বাধা দিয়েছিলেন, পুলিশও ঘটনাস্থলে এসেছিল, কিন্তু এখন আর কেউ বাধা দিচ্ছে না। তাঁদের অভিযোগ, বালু উত্তোলনের কাজ করছে প্রিমিয়ার কোম্পানি, কিন্তু প্রকল্পস্থলের সাইনবোর্ডে ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম নেই। বন্দর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে দাবি করেন তাঁরা। পারকি এলাকায় ঝাউগাছের পাশে স্থাপিত একটি হলুদ রঙের সাইনবোর্ডে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের নাম ও লোগো দেখা গেছে, তবে সরেজমিনে এসব প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি।

প্রিমিয়ার প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শুধু ভরাট কাজের জন্য নিয়োজিত। প্রকল্পকাজে নিয়োজিত প্রতিষ্ঠান চুক্তিভিত্তিতে বাল্কহেড, ড্রেজার ও দুটি বুস্টার মেশিন আমাদের কোম্পানি থেকে ভাড়ায় নিয়েছেন। তবে বালু কোথা থেকে নেওয়া হচ্ছে বা অনুমতি আছে কি না, আমরা কিছুই জানি না।’

অন্যদিকে প্রিমিয়ারের প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্ণফুলী নদীর নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন করে বাল্কহেড থেকে বিদ্যুৎকেন্দ্রে খালাস করছি।’ সাগরে অবস্থান করা বাল্কহেড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

উত্তর সাগরে পাথরের প্রাচীর গ্রিনপিসের: শুশুকের সংরক্ষিত এলাকায় শিল্প মাছ ধরা ঠেকাতে অভিনব পদক্ষেপ
আবহাওয়া ও পরিবেশ

উত্তর সাগরে পাথরের প্রাচীর গ্রিনপিসের: শুশুকের সংরক্ষিত এলাকায় শিল্প মাছ ধরা ঠেকাতে অভিনব পদক্ষেপ

উত্তর সাগরের একটি সামুদ্রিক সংরক্ষিত এলাকায় শিল্প ট্রলারের জাল আটকে দিতে সমুদ্রতলে বিশাল পাথর ফেলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মীরা। সংরক্ষিত এল…

জলবায়ুতে ঘরহারা বস্তিবাসীদের ১৩ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে, সংলাপে উঠল ৭০ শতাংশের গ্রামছাড়ার হিসাব
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ুতে ঘরহারা বস্তিবাসীদের ১৩ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে, সংলাপে উঠল ৭০ শতাংশের গ্রামছাড়ার হিসাব

নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও খরায় ঘরবাড়ি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষেরা প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবি জানিয়েছেন। ঢাকা, রাজশাহী ও…

কাঁঠালিয়ার বানাই গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা এলাকাবাসীর
আবহাওয়া ও পরিবেশ

কাঁঠালিয়ার বানাই গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা এলাকাবাসীর

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে কাঠ পুড়িয়ে বাণিজ্যিকভাবে কয়লা তৈরি করা হচ্ছে। চেঁচরীরামপুর ইউনিয়ন…

আবহাওয়া ও পরিবেশ

ভৈরবে মেঘনার তীরে ময়লার স্তূপ, নদীতে মিশছে পৌর বর্জ্য ও পয়োনিষ্কাশনের পানি

কিশোরগঞ্জের ভৈরব হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মেঘনা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বন্দরনগরী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কে…