গোল করেও জাতীয় দলে উপেক্ষিত ফর্টিসের স্ট্রাইকার রাফায়েল টুডু
বাংলাদেশের ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবলে গোলখরায় ভুগলেও ফর্টিসের হয়ে রাফায়েল টুডু এএফসি চ্যালেঞ্জ লিগে ভারত ও তাজিকিস্তানের ক্লাবের বিপক্ষে গোল করেছেন। এর আগে ঘরোয়া লিগেও গোলের দেখা পেয়েছেন তিনি।
এরপরও জাতীয় দলের হেড কোচের নজরে আসেননি টুডু।
রোনান সুলিভান ও মাহী খানের ওপরই স্ট্রাইকিংয়ে ভরসা রেখেছিলেন কোচ ডুলি। তবে রোনান ইনজুরির কারণে আসেননি।
রোনান না আসায় টুডু ডাক পেতে পারেন—এমন আলোচনা ফুটবলাঙ্গনে ছিল। তবে কোচ নতুন করে আর কোনো খেলোয়াড়কে ডাকেননি।
গত ১৮ অক্টোবর ছিল সাফের জন্য ২৮ জন ফুটবলারের নাম জমা দেওয়ার শেষ তারিখ। স্বাগতিক হওয়ায় বাংলাদেশ এখনো নাম দেয়নি; আগামীকাল সেটা জমা দেওয়ার কথা। এতদিন সময় নিয়েও টুডুকে ডাকার প্রয়োজন মনে করেননি কোচ ডুলি।
টুডুকে জাতীয় দলে ডাকা প্রয়োজন ছিল বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তিনি বলেন, ‘টুডু গত এক মাসে অনেক ভালো পারফরম্যান্স করছেন। এর ফল হিসেবে জাতীয় দলে ডাক পাওয়া দরকার ছিল। রোনানের ইনজুরির পর নাম্বার নাইন হিসেবে তাকে বিবেচনা করতে পারতেন। হয়তো কোচ শেষ মুহূর্তে আর পরীক্ষা-নিরীক্ষা করতে চাননি।’


