জালালাবাদ গ্যাসের এলাকায় ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ

সিলেটেও টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই চার দিন রিগ্যাসিফিকেশন বন্ধ থাকার ফলে সারা দেশের মতো জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।




