প্রেসিডেন্ট রামাফোসার খামার থেকে নগদ অর্থ চুরির মামলায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মালিকানাধীন একটি খামার থেকে পাঁচ লাখ ডলারের বেশি নগদ অর্থ চুরির ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। ‘ফার্মগেট’ নামে পরিচিত এই কেলেঙ্কারি প্রেসিডেন্টকে অভিশংসন-সংক্রান্ত বিতর্কে জড়িয়ে ফেলেছিল।
ইমানুয়েলা ডেভিডকে সোমবার চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি ২০২০ সালে লিম্পোপো প্রদেশের ফালা ফালা খামারে চুরির উদ্দেশ্যে ঘর ভাঙার ষড়যন্ত্রের দায়েও তিনি দোষী সাব্যস্ত হন।
ওই সম্পত্তির পরিচ্ছন্নতাকর্মী ফ্রোলিয়ানা জোসেফকেও চুরির উদ্দেশ্যে ঘর ভাঙার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁর ভাই এনডিলিনাশো জোসেফ সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডেভিড গবাদি পশুর খামারটিতে ঢুকে সম্পত্তির একটি সোফা থেকে ৫ লাখ ৮০ হাজার ডলার নগদ অর্থ নিয়ে যান। এরপর তিনি সেই অর্থে বিলাসবহুল খরচ শুরু করেন — কেনেন তিনটি মার্সিডিজসহ একাধিক গাড়ি, যার একটি ছিল তাঁর বান্ধবীর জন্য, একটি পোরশে, দুটি ফোকসভাগেন, হীরা বসানো রোলেক্স ঘড়ি এবং একটি বাড়ি।
ডেভিড আদালতে দাবি করেছিলেন, তিনি হীরা ও বিটকয়েনসহ বিভিন্ন ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন। আদালত সেই দাবি প্রত্যাখ্যান করেছে। আদালত আরও পেয়েছে, দোষী সাব্যস্ত দুজনের মধ্যে একমাত্র ডেভিডের ব্যাংক অ্যাকাউন্টেই চুরি যাওয়া অর্থের অংশ ছিল।
এই মামলায় সাজা ঘোষণার আগের শুনানি (প্রি-সেনটেন্সিং) অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।
ফার্মগেট কেলেঙ্কারিতে এর আগেও নানা মোড় এসেছে। ২০২২ সাল পর্যন্ত চুরির ঘটনাটি মূলত অজানাই ছিল। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মিত্র ও দক্ষিণ আফ্রিকার সাবেক গোয়েন্দা প্রধান আর্থার ফ্রেজার বিষয়টি প্রকাশ্যে আনেন এবং দাবি করেন, রামাফোসা চুরির ঘটনা পুলিশ ও কর বিভাগের কাছে গোপন করেছিলেন।
রামাফোসা চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।
একই বছর একটি স্বাধীন প্যানেল মত দেয়, চুরির ঘটনা নিয়ে রামাফোসাকে প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে। তবে সংসদ সদস্যরা অভিশংসন তদন্ত কমিটি গঠনের বিপক্ষে ভোট দেন।
চলতি বছরের মে মাসে সাংবিধানিক আদালত রায় দেয়, প্যানেলের প্রতিবেদন সরিয়ে রেখে সংসদ বেআইনি কাজ করেছে। এরপর জুলাইয়ে রামাফোসা একটি প্রাদেশিক আদালতের মাধ্যমে সংসদীয় তদন্ত আটকে দেন।




