৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি, এবার শনিবার পড়ায় বাড়তি সুবিধা পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দিবসটি উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনও জারি করেছে।
তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে বলে প্রজ্ঞাপন অনুযায়ী বাড়তি ছুটির সুবিধা থাকছে না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।


