অক্টোবরে দেশে ২৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫১ জন: মহিলা পরিষদ

চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত প্রতিবেদনটি গত রোববার প্রকাশ করা হয়। প্রতিবেদনে অক্টোবর মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। তাঁদের মধ্যে ৩৪ জন কন্যাশিশু ও ১৭ জন নারী। ধর্ষণের শিকারদের মধ্যে ছয় কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে, যাঁদের মধ্যে দুজন কন্যাশিশু। এ ছাড়া ১৭ কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
অক্টোবর মাসে বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। হত্যার শিকারদের মধ্যে সাতজন কন্যাশিশু ও ৩৫ জন নারী।
একই সময়ে ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে পাঁচজন কন্যাশিশু। আত্মহত্যা করেছেন ২৩ জন, যাঁদের মধ্যে ছয়জন কন্যাশিশু ও ১৭ জন নারী। এ ছাড়া দুই কন্যাশিশুসহ সাতজন আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন।
প্রতিবেদনে যৌন সহিংসতার চিত্রও তুলে ধরা হয়েছে। অক্টোবরে ১৫ কন্যাশিশুসহ ২১ জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে সাত কন্যাশিশুসহ নয়জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং একই সংখ্যক নারী ও শিশু উত্ত্যক্তের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন এক কন্যাশিশুসহ তিনজন।
অক্টোবরে একজন অ্যাসিডদগ্ধ হয়েছেন এবং তিন কন্যাশিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতজন নারী। তাঁদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়েছে।
অপহরণের ঘটনায় অক্টোবরে ছয় কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। একই সময়ে নয় কন্যাশিশুসহ ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছেন এক কন্যাশিশুসহ দুজন।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।



