বরগুনায় জুতায় লুকানো ২ হাজার ২৫০ ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও সঙ্গী গ্রেপ্তার
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় পৌর বাসটার্মিনাল থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সামুদা বেগম (৪৫) ও মোঃ রবিউল (৬০)।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই বাসটার্মিনালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বরগুনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশিদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামুদা বেগম নিজেকে রোহিঙ্গা বলে জানিয়েছেন।
গ্রেপ্তার দুজনই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা। অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাঁরা কক্সবাজার থেকে একাধিক বাস পরিবর্তন করে বরিশাল হয়ে বরগুনায় এসেছিলেন।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌর বাসটার্মিনালে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। বরিশাল থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা সজিব খান নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় সেখানে।
তল্লাশির সময় বাসের যাত্রী সামুদা বেগম ও মোঃ রবিউলকে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে তল্লাশির এক পর্যায়ে রবিউলের পায়ে থাকা জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা জব্দ করে দুজনকেই গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক মোঃ হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষায়, গ্রেপ্তার ওই নারী এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহ করতে বরগুনায় এসেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে উপপরিচালক জানিয়েছেন।



