…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয়ের সব রেকর্ড ভাঙছে, ছাড়াতে পারে ১২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যয় অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা দেশটির মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাচনী অর্থায়ন নিয়ে কাজ করা স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটসের পূর্বাভাস অনুযায়ী, ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের নির্বাচনের তুলনায় এই ব্যয় প্রায় ৩০ শতাংশ বেশি।

নির্বাচনের গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করছে রাজনৈতিক দলগুলোর বাইরের বিভিন্ন সংগঠন। সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার প্যাক নামে পরিচিত এসব সংগঠন ব্যক্তি, করপোরেশন ও শ্রমিক সংগঠনের কাছ থেকে সীমাহীন অনুদান সংগ্রহ করতে পারে। সরাসরি প্রার্থীকে অর্থ দিতে না পারলেও বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে তাদের সমর্থন জানায়।

ব্রেনান সেন্টার ফর জাস্টিসের তথ্য বলছে, ১৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ ৪০ দাতা ২ দশমিক ৪ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের কোনো চক্রে এই সময়ে এত বেশি অনুদান আগে দেখা যায়নি।

ব্যক্তিগত দাতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ধনকুবের ইলন মাস্ক। অক্টোবর পর্যন্ত রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি। এর বড় অংশ গেছে তাঁর প্রতিষ্ঠিত আমেরিকা প্যাক এবং রিপাবলিকানপন্থী সেনেট লিডারশিপ ফান্ডে।

টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে ৪৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করছে আমেরিকা প্যাক। এ ছাড়া মিশিগান ও ওহাইওর নির্বাচনেও প্রায় ১০ মিলিয়ন ডলার করে খরচ করেছে সংগঠনটি।

অন্যদিকে ডেমোক্র্যাটদের অন্যতম বড় দাতা সাবেক নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ দিয়েছেন ৬০ মিলিয়ন ডলারের বেশি। ধনকুবের জর্জ সরোসের প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠান উদারপন্থী সংগঠনগুলোকে যৌথভাবে দিয়েছে ১০২ মিলিয়ন ডলার। রিপাবলিকানদের পক্ষে জেফ ইয়াস ও রিচার্ড-এলিজাবেথ ইউলাইন দম্পতিও ১০০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছেন।

নির্বাচনী অর্থায়নে পিছিয়ে নেই ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানগুলোও। ওপেন সিক্রেটসের তথ্য অনুযায়ী, রিপল ও কয়েনবেস যৌথভাবে ৬৩ মিলিয়ন ডলার দিয়েছে।

এদিকে নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় ব্যয়ের খাত হয়ে উঠেছে বিজ্ঞাপন। অ্যাডইমপ্যাক্টের হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ পর্যন্ত বিজ্ঞাপনে ব্যয় হয়েছে ১১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। এর বড় অংশ গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। তবে ডিজিটাল প্রচারেও বাড়ছে বিনিয়োগ।

সিনেট নির্বাচন ঘিরে মিশিগান, টেক্সাস ও ওহাইওতে বিজ্ঞাপনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে। এরপর রয়েছে আইওয়া ও মেইন।

সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে শুধু প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা নয়, নির্বাচনী ব্যয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু: কোন রাজ্যে কখন খুলল, কখন বন্ধ হবে কেন্দ্র

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার কংগ্রেসে তাঁদের প্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে য…

আমেরিকা

টেক্সাসে আসন পুনর্বিন্যাসের পরীক্ষা মধ্যবর্তী নির্বাচনে: হিউস্টনে বদলে গেল কৃষ্ণাঙ্গ ভোটারদের আসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে টেক্সাসের হিউস্টনের সানিসাইড এলাকায় মাউন্ট হেবরন মিশনারি ব্যাপটিস্ট চার্চের রোববারের প্রার্থনা …

আমেরিকা

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা পাঠানো যেকোনো বিল আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয…

ইরান সংঘাতকে ‘নরম যুদ্ধ’ বললেন ট্রাম্প, ভোটের আগের রাতে বললেন চাইলেই শেষ করতে পারে যুক্তরাষ্ট্র
আমেরিকা

ইরান সংঘাতকে ‘নরম যুদ্ধ’ বললেন ট্রাম্প, ভোটের আগের রাতে বললেন চাইলেই শেষ করতে পারে যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনের ভোটের আগের রাতে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক…