…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঘরের মাঠে বিদায়ী ম্যাচের স্বপ্ন অপূর্ণ রেখেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল

নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে বিদায়ী ম্যাচের স্বপ্ন অপূর্ণ রেখেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার হয়ে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। তবে সেই আশা পূরণ হলো না। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।

প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এই তারকা অলরাউন্ডার।

গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা খোলা রেখেছিলেন তিনি। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন। তবে গ্রুপ পর্ব পেরোতে পারেনি অজিরা।

ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটিই হয়ে থাকল ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও দুটি উইকেট নিয়েছিলেন তিনি।

অবসরের সিদ্ধান্ত নিয়ে ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে কথা বলেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। তবে দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আলোচনাগুলো ছিল বেশ খোলামেলা। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, দরজাটা খোলা রাখব। সামনে কয়েকটি সিরিজ ছিল এবং তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। বাংলাদেশেও আমরা সেটি দেখেছি। ছেলেরা সুযোগ পেয়েছে এবং খুব ভালো পারফরম্যান্স করেছে।’

অস্ট্রেলিয়ার হয়ে দুইবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক রানও এসেছিল তাঁর ব্যাট থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি বিদায়ী ম্যাচ খেলার আশা ছিল তাঁর। তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে নিজের সেই প্রত্যাশার সমন্বয় করতে পারেননি এই অলরাউন্ডার।

ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হয়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার ক্ষীণ আশা ছিল, কিংবা এ নিয়ে কিছু আলোচনা হয়েছিল। তবে এই দল নিয়ে তারা যে পথে এগোচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি। ২০২৮ সালের অলিম্পিক সামনে থাকায় আগামী ১২ থেকে ২৪ মাসে অনেক কিছু বদলে যাবে বলে আমার মনে হয়। তাদের নিশ্চিত করতে হবে, উঠে আসা তরুণ খেলোয়াড়দের দিকে যেন নজর রাখা হয়। একই সঙ্গে এই খেলোয়াড়েরা যেন আন্তর্জাতিক ক্রিকেটের এমন চাপের মুখোমুখি হওয়ার সুযোগ পায়, যে চাপ হয়তো অন্য কারও পক্ষে তৈরি করা সম্ভব নয়।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই সংস্করণে তাঁর সংগ্রহ ২ হাজার ৮৯৭ রান ও ৫১ উইকেট। টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তিতে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক ম্যাক্সওয়েল।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৭ সালে খেলেছেন নিজের শেষ টেস্ট। এই সংস্করণে তাঁর রান ৩৩৯। ভারতের বিপক্ষে রাঁচিতে করা ১০৪ রান টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে ১৪৯ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান। অপরাজিত ২০১ রান তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস। এই সংস্করণে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৭৭টি উইকেট নিয়েছেন তিনি।

খেলা বিভাগের আরও খবর

ক্যাম্প ন্যুতে আজ বার্সেলোনার সামনে শতভাগ জয়ী অ্যাস্টন ভিলা, ইয়ামালের সামনে রেকর্ড
খেলা

ক্যাম্প ন্যুতে আজ বার্সেলোনার সামনে শতভাগ জয়ী অ্যাস্টন ভিলা, ইয়ামালের সামনে রেকর্ড

চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে তিন জয় নিয়ে স্বপ্নের শুরু করেছে অ্যাস্টন ভিলা। এবার তাদের সামনে বার্সেলোনা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে স্পটিফাই ক…

সাফের আগে বাংলাদেশের বড় চিন্তা গোল: স্ট্রাইকার খুঁজছেন কাঞ্চন-এমিলিরা
খেলা

সাফের আগে বাংলাদেশের বড় চিন্তা গোল: স্ট্রাইকার খুঁজছেন কাঞ্চন-এমিলিরা

সাফ চ্যাম্পিয়নশিপ দুয়ারে কড়া নাড়ছে। আট বছর পর টুর্নামেন্টটির স্বাগতিক বাংলাদেশ, আর ঘরের মাঠে শিরোপা ঘরেই রাখার স্বপ্ন দেখছে টমাস ডুলির দল। তবে টুর…

স্পিন উইকেটের চর্চাতেই নিজেদের ফাঁদে বাংলাদেশ: ঘরোয়া ক্রিকেট থেকে টেস্টে একই ছবি
খেলা

স্পিন উইকেটের চর্চাতেই নিজেদের ফাঁদে বাংলাদেশ: ঘরোয়া ক্রিকেট থেকে টেস্টে একই ছবি

বিসিবির গ্রাউন্ডস বিভাগের নীতিনির্ধারকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্পিনবান্ধব উইকেটের বিষয়টি পরিষ্কার করে জানতে চেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়…

চোটে জর্জরিত বায়ার্নের কঠিন পরীক্ষা আতলেতিকোর দুর্গে, নজরে আলভারেজ ও কেইন
খেলা

চোটে জর্জরিত বায়ার্নের কঠিন পরীক্ষা আতলেতিকোর দুর্গে, নজরে আলভারেজ ও কেইন

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। নামে ও ভারে বায়ার্ন এগিয়ে থাকলেও এ…