‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনায় এ আর রহমান: ‘সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচুন’

আসন্ন মেগা-বাজেট চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’-এর সম্প্রতি মুক্তি পাওয়া ‘মঙ্গল রং’ গানটি নিয়ে তৈরি বিতর্কে মুখ খুলেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। সমালোচনা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করেন না জানিয়ে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
এ আর রহমান বলেন, ‘আপনি যদি পৃথিবীর সবাইকে খুশি করতে চান, তবে সংগীত ছেড়ে আইসক্রিম বিক্রি করতে যান।’
অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং কবি কুমার বিশ্বাসের লেখা ‘মঙ্গল রং’ গানটি মূলত রাম ও সীতার বিয়ের পটভূমিতে তৈরি। তবে গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শ্রোতা অভিযোগ করেন, গানটির সুর ও বাদ্যযন্ত্রের আয়োজনে ‘কাওয়ালি’ ধারার প্রভাব রয়েছে, যা পৌরাণিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকে ঐতিহ্যবাহী সনাতন সুর আশা করেছিলেন। এ ছাড়া রাবণের তাণ্ডব দৃশ্যের সংগীতে ব্যবহৃত ইলেকট্রনিক বাদ্যযন্ত্র নিয়েও হতাশা প্রকাশ করেছেন অনেকে।
এসব সমালোচনার জবাবে এ আর রহমান বলেন, কোনো একটি সুর বা কাজকে খুব দ্রুত বিচার করা ঠিক নয়।
তিনি বলেন, ‘আমি নিজেই আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। এমন নয় যে আমি যা তৈরি করি তার সবই অন্ধভাবে পছন্দ করি। আমরা একদিনে কোনো সিদ্ধান্ত নিই না। একটি সুরের পেছনে মাসের পর মাস সময় দিতে হয়।’
আচারের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘কিছু সুর বা গানের ধরন আচারের মতো—যত পুরোনো হয়, তার স্বাদ তত খোলে। মানুষের বোঝা উচিত যে এই সুরের পেছনে একটি নৃতাত্ত্বিক চিন্তাভাবনাও থাকতে পারে।’
এ আর রহমান মনে করেন, অনেক সময় শ্রোতারা একটি কাজের পুরো চিত্র না দেখে কেবল একটি বিশেষ অংশ ধরে সমালোচনা করেন। একটু ধৈর্য ধরলে তাঁরা বুঝতে পারবেন কেন নির্দিষ্ট সুর বা বাদ্যযন্ত্র বেছে নেওয়া হয়েছে।
নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। তার ঠিক কয়েক দিন আগে ‘স্ক্রিন’ সাময়িকীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের সৃজনশীল প্রক্রিয়া ও গানটি নিয়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর ব্যাকগ্রাউন্ড স্কোরে অস্কারজয়ী বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমারের সঙ্গে নিজের যৌথ কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন এ আর রহমান। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রে হ্যান্স জিমারের যুক্ত থাকা আন্তর্জাতিক দর্শকদের মধ্যে এক বিশাল কৌতূহল তৈরি করবে। এটি চলচ্চিত্রটিকে বিশ্বমঞ্চে নতুন একদল দর্শকের কাছে পৌঁছে দেবে।’
প্রকল্পটির সংগীত নির্মাণের বিশালতা বোঝাতে গিয়ে এ আর রহমান উল্লেখ করেন, ‘এই সিনেমাটিতে প্রায় ১০টি সিনেমার সমপরিমাণ কাজের চাপ ছিল। হলিউড ও ভারতীয় সংস্করণ মিলিয়ে মোট পাঁচটি ভিন্ন ভাষায় গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করা হয়েছে।’
নীতিশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই মহাকাব্যিক চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দক্ষিণ ভারতীয় তারকা ইয়াশ। প্রথম পর্ব মুক্তির পর ২০২৭ সালের দীপাবলিতে চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে আসবে।




