গোয়ার ইফির 'এমার্জিং ফিল্মমেকারস' বিভাগে বাংলাদেশের 'রইদ', তালিকা প্রকাশ ১ নভেম্বর
ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র 'রইদ'। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি উৎসবের 'এমার্জিং ফিল্মমেকারস' বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত হয়েছে।
আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় এই আসরের পর্দা উঠতে যাচ্ছে। রোববার (১ নভেম্বর) সংশ্লিষ্ট বিভাগে মনোনীত চলচ্চিত্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ, সেই তালিকায় জায়গা পেয়েছে 'রইদ'।
এবারের আসরে 'রইদ'-এর সঙ্গে একই বিভাগে জায়গা পেয়েছে আরও আটটি দেশের চলচ্চিত্র। তালিকায় রয়েছে ভ্যালেন্তিনা মরেলের 'ফরএভার ইউর ম্যাটারনাল এনিম্যাল', আরভিন বেলারমিনোর 'রিয়া', কনস্তান্তিনা কতজামানির 'টাইটানিক ওশান' এবং জেলেনা মাক্সিমোভিচের 'আনটিল দ্য ডে এন্ডস'।
একই তালিকার বাকি ছবিগুলো হলো রিড ভ্যান ডিকের 'অ্যাটনমেন্ট', রাফিকি ফারিয়ালার 'কঙ্গো বয়', পি আর মনেচিল্লো পাতিন্দোলের 'আই গ্রিউ অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড' এবং জেনিস লেনজের 'ওয়াসিস'।
উৎসব কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ভৌগোলিক সীমানা পেরিয়ে স্বাধীন ও শক্তিশালী দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেসব প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা বিশ্ব চলচ্চিত্রের আবেগের গভীরতা ও নান্দনিক বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করছেন, তাঁদের সম্মানিত করতেই এই বিশেষ বিভাগের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক উৎসবে 'রইদ'-এর সাফল্য এবারই প্রথম নয়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডায় অনুষ্ঠিত মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে একযোগে তিনটি পুরস্কার পায় চলচ্চিত্রটি—সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা মিউজিক।
চলচ্চিত্রটির বিভিন্ন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
আন্তর্জাতিক উৎসবগুলোতে প্রশংসিত হওয়ার আগে দেশের প্রেক্ষাগৃহেও সাফল্য পেয়েছে সিনেমাটি। গত কোরবানির ঈদে দেশজুড়ে মুক্তি পেয়ে সাধারণ দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি ভালো ব্যবসা করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



