…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে, তা প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শুধু ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মনে করছে সরকার। এমন চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং গার্মেন্টস কর্মীদের জীবন কঠিন হয়ে উঠছে—এটি বুঝতে সরকার প্রস্তুত আছে। মূল্যস্ফীতি আছে, জ্বালানির মূল্য বাড়ছে এবং এর সূত্র ধরে অনেক কিছুরই মূল্য বেড়ে যাচ্ছে। সরকার সহানুভূতিশীল হয়েই আগেই এই কমিশন তৈরি করেছে। ফলে আন্দোলনের মূল দাবির বিষয়টি আসলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলে তিনি মন্তব্য করেন।

শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু মানুষের মধ্যে যে ধরনের সহিংস আচরণ দেখা গেছে, তা কোনোভাবেই প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও তাদের কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে বলে তিনি মনে করেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের চেষ্টা চলতে পারে বলে সরকার মনে করে। তাঁর ভাষায়, এটি ডিসেম্বর নয়, এটি পুরো সময়; যতদিন তিনি বেঁচে আছেন, তাঁর এই চেষ্টা চলবে বলে সরকার মনে করে এবং সরকার এটিকে প্রতিহত করবে।

এ প্রসঙ্গে ১৯৯১ সালের নির্বাচনের পর সংসদের প্রথম দিনে শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ টানেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ওই সময় নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, এই সরকারকে এক দিনও শান্তিতে থাকতে দেবেন না। সেই মানসিকতার প্রতিফলন এখনো থাকতে পারে বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ডিসেম্বর শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে আবার কথা বলবেন। শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তাহলে নিজের আগের ব্যাখ্যা ভুল প্রমাণিত হলে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন। তিনি বলেন, তিনি যদি এসে হাজির হন, তারপর একটি মঙ্গলবার নিশ্চয়ই আসবে; সেই মঙ্গলবার তিনি আশা করেন, যদি বেঁচে থাকেন এবং এই দায়িত্বে থাকেন, তিনি আসবেন এবং সেদিন দুঃখ প্রকাশ করবেন, যদি তাঁর ব্যাখ্যা ভুল হয়ে থাকে।

অস্থিরতা মোকাবিলায় সরকার আগের মতো দমন-পীড়নের পথ অনুসরণ করতে চায় না বলেও জানান তিনি। তাঁর ভাষায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে এবং পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক হারে বল প্রয়োগ করতে হবে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পুলিশ কখনোই হাসিনার পুলিশের মতো আর হবে না। নাগরিক হিসেবে তিনি মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের আইনি অধিকার রয়েছে। তবে তা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যে এবং আনুপাতিক হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের ঘটনা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারে থাকা অবস্থায় নয়, নাগরিক হিসেবেও তিনি বিষয়টি বলছেন। সরকার চায়, অস্থিরতা নিয়ন্ত্রণ করতে গিয়ে সাধারণ মানুষের ভয় ও ক্ষয়ক্ষতি যেন যতটা সম্ভব কম হয়।

তিনি আরও বলেন, আন্দোলনে কারা যুক্ত হচ্ছেন এবং কীভাবে এসব ঘটনা ঘটছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তবে সরকার এমনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায়, যাতে জনগণের ওপর কম প্রভাব পড়ে।

পোশাকশ্রমিকদের আন্দোলন দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, শুরুতে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি ছিল। সরকার নতুন মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের বিষয়টি বোঝানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এলে তাদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য কারো পক্ষে অস্থিরতা সৃষ্টি করা কঠিন হবে। তাঁর ভাষায়, গার্মেন্টস কর্মীরা মাঠে নেমেছেন, সেটার ভেতরে থেকে কেউ এ কাজটি করছে; তারা না নামলে এই সমস্যা হয় না।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আজ
রাজনীতি

ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ…

সাত দাবি মানা না হলে এক দফা: কুষ্টিয়ার জনসভা থেকে হুঁশিয়ারি শফিকুর রহমানের, ১১ দলের পরের গন্তব্য সিলেট
রাজনীতি

সাত দাবি মানা না হলে এক দফা: কুষ্টিয়ার জনসভা থেকে হুঁশিয়ারি শফিকুর রহমানের, ১১ দলের পরের গন্তব্য সিলেট

সাত দাবি বাস্তবায়ন না হলে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কুষ্…

পোশাকশ্রমিকদের আন্দোলনে তিন দিনের অস্থিরতা, প্রায় ৬৯০ কারখানা বন্ধ; গাজীপুরে গুলির খবর গুজব বলল পুলিশ
রাজনীতি

পোশাকশ্রমিকদের আন্দোলনে তিন দিনের অস্থিরতা, প্রায় ৬৯০ কারখানা বন্ধ; গাজীপুরে গুলির খবর গুজব বলল পুলিশ

বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে তিন দিন ধরে অস্থিরতা চলছে এবং প্রায় ৬৯০টি কারখানা বন্ধের খবর এসেছে। এই অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

এনসিপির ক্রীড়া উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসিফ আকবর: ‘আমি নাহিদ ইসলামের ভক্ত’
রাজনীতি

এনসিপির ক্রীড়া উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসিফ আকবর: ‘আমি নাহিদ ইসলামের ভক্ত’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছে…