মাঠে সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সে হৃদ্যন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল টেনেরিফের দে মিগুয়েলের, এখন স্থিতিশীল

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সিডি টেনেরিফের স্ট্রাইকার যিশু দে মিগুয়েল। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে দ্রুত চিকিৎসায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
সোমবার এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে তখন ম্যাচে ২-২ গোলে সমতা চলছিল। নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে পাল্টা আক্রমণ শুরু করে স্বাগতিক টেনেরিফ, আর বলের দিকে ছুটছিলেন দে মিগুয়েল।
কিন্তু মাঝমাঠের কিছুটা পরেই তাঁর দৌড় থেমে যায় আন্দোরার গোলরক্ষক যিশু ওওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে। বল ক্লিয়ার করতে লাফিয়ে এগিয়ে এসেছিলেন ওওনো। সংঘর্ষের পরপরই লাল কার্ড দেখেন আন্দোরার গোলরক্ষক।
মাঠে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন দে মিগুয়েল। তাঁর অবস্থা দেখে দ্রুত সাহায্যের সংকেত দিতে থাকেন আন্দোরার এক খেলোয়াড়। মাঠের পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়, দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর দে মিগুয়েলের কয়েকজন সতীর্থের চোখে দেখা যায় অশ্রু।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওওনোকে লাল কার্ড দেখানোর পরপরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি ম্যানুয়েল পেরেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দে মিগুয়েলের। এ সময় জরুরি চিকিৎসা দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করেন প্যারামেডিকরা। পরে তাঁকে নুয়েস্ত্রা সেনিওরা দে ক্যান্ডেলারিয়া ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সিডি টেনেরিফ জানিয়েছে, মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন দে মিগুয়েল। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ভয়াবহ দুর্ঘটনার পর এই খবর কিছুটা স্বস্তি ফিরিয়েছে ক্লাব ও সমর্থকদের মধ্যে।
দে মিগুয়েলের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে এফসি আন্দোরা। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, আজকের ম্যাচে গুরুতর দুর্ঘটনার শিকার যিশু দে মিগুয়েলের প্রতি তারা সর্বোচ্চ শক্তি ও শুভকামনা জানাচ্ছে এবং আশা করছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।
স্পেনের বিভিন্ন লিগের ক্লাবও দে মিগুয়েলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে রেকর্ডসংখ্যক শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ, এফসি ভ্যালেন্সিয়া ও রায়ো ভায়েকানোসহ বেশ কয়েকটি ক্লাব।




