ওমান উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, নিহত এক নাবিক, উদ্ধার ১৩

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজে থাকা আরও ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের পণ্যবাহী জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক অবকাঠামো ও চলাচলরত বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার জোরালো আহ্বানও জানিয়েছে দেশটি।
ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ১৩ জন নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং ওমানের কোস্ট গার্ড তাদের উদ্ধার করেছে।
সোনোয়াল বলেন, “আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের একজন নাবিক, গুজরাটের বাসিন্দা গন্ধর নাহিম আজিজ, দুর্ভাগ্যবশত তার আঘাতের কারণে মারা গেছেন।”
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন।




