গার্মেন্টস খাতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়নের অভিযোগ

গার্মেন্টস খাত অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।
নয়ন বলেন, সরকারকে ব্যর্থ করার জন্য গুপ্ত নিষিদ্ধ সংগঠন শ্রমিকদের উসকে দিয়ে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করছে। তার ভাষায়, রাস্তাঘাট আটকে দেওয়া হচ্ছে, যানজট তৈরি হচ্ছে এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুবদল সহায়তা করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, শ্রমিকেরা গার্মেন্টস ভাঙচুর করছে ও পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে বলে শোনা যাচ্ছে, কিন্তু যুবদল তা বিশ্বাস করে না। তার দাবি, দেশে গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন রয়েছে, দেশি-বিদেশি ষড়যন্ত্রও রয়েছে; শ্রমিকদের কেউ না কেউ উসকে দিচ্ছে এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই নিষিদ্ধ সংগঠনগুলো এমন ষড়যন্ত্র করছে।
নয়নের ভাষায়, যে শ্রমিক প্রতিদিন সেলাই মেশিনের সামনে বসে রুটিরুজির জন্য কাজ করেন, তারা গার্মেন্টস ভাঙতে পারেন না; আর যে পুলিশ মানুষের নিরাপত্তা দেয়, সেই পুলিশের গাড়ি শ্রমিকেরা পুড়িয়ে দিতে পারেন না।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার গাজীপুরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। দুপুর থেকে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কাঠ, টায়ার ও আসবাবে আগুন জ্বালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেওয়া হয়, এতে সড়কে যান চলাচল বন্ধ থাকে। ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছিলেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে মঙ্গলবার ১১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। ভাড়াটিয়ার বাসায় বহিরাগত বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে পুলিশ কিংবা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।




