শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়ায় প্রায় ৪০ পোশাক কারখানা বন্ধ, আটক ১৩

শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অবৈধ ব্ল্যাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা বিক্ষোভের মধ্যে মঙ্গলবারও শিল্পাঞ্চলটিতে উত্তেজনা দেখা দেয়।
সকাল থেকে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল সাড়ে আটটার দিকে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জরা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, সাভারে গতকাল দিবাগত রাতে তেঁতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নয়জনকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল দিবাগত রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।




