বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, ৫ শতাংশ পর্যন্ত অগ্রাধিকার শেয়ারে লাগবে না পূর্বানুমোদন
বিদেশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ারের বিপরীতে বিদেশি বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না। একই সঙ্গে এসব শেয়ার ইস্যু ও পরিশোধের নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলারে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় ও প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।
অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ জন্য প্রস্তাবিত লভ্যাংশের হার কেন যৌক্তিক, তা ব্যাখ্যা করে আবেদন করতে হবে।
নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। পাশাপাশি এসব শেয়ার পরিশোধ বা রিডেম্পশনের জন্যও বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে না।
এছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং শেয়ার ইস্যু-পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সার্কুলারে পরিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে অনিবাসী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ এবং বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা কমবে বলেও তাঁরা মনে করছেন।

