যুক্তরাজ্যে রিফর্ম ইউকের হ্যাম্পশায়ার নেতা জর্জ ম্যাডগউইকের বিরুদ্ধে ১২টি ধর্ষণসহ মোট ৩৫ অভিযোগ

যুক্তরাজ্যের রিফর্ম ইউক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে ১২টি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)।
হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিলে দলটির নেতা জর্জ ম্যাডগউইকের বিরুদ্ধে মোট ৩৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি যৌন নিপীড়ন, দুটি অনুপ্রবেশমূলক নিপীড়ন, শিশুর অশ্লীল ছবি তৈরির দুটি এবং বিতরণের একটি অভিযোগ।
৩৭ বছর বয়সী ম্যাডগউইক আগামী ২৫ নভেম্বর পোর্টসমাউথ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। রিফর্ম ইউকের একজন মুখপাত্র বলেছেন, তাঁকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করা হয়েছে।
সিপিএসের একজন মুখপাত্র বলেছেন, ‘ক্রাউন প্রসিকিউশন সার্ভিস একাধিক ধর্ষণসহ গুরুতর যৌন অপরাধের জন্য জর্জ ম্যাডগউইকের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা আটক ও অনুসরণ (স্টকিং) করার অভিযোগও আনা হয়েছে।’
ওই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের প্রসিকিউটররা যথেষ্ট প্রমাণ আছে এবং মামলাটি আদালতে নেওয়া জনস্বার্থে রয়েছে—এটি প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এখন চলমান এবং ন্যায্য বিচার পাওয়ার অধিকার তাঁর রয়েছে। এমন কোনো প্রতিবেদন, মন্তব্য বা তথ্য শেয়ার করা উচিত নয়, যা এসব কার্যক্রমের প্রতি কোনোভাবে পক্ষপাত তৈরি করতে পারে।’
হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, গত বছরের ২৪ জুলাই একটি যৌন অপরাধের প্রতিবেদন পাওয়ার পর তারা তদন্ত শুরু করে। এরপর কর্মকর্তারা গত ৬ জানুয়ারি দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ থেকে একজনকে গ্রেপ্তার করেন।
পুলিশ বাহিনীটি জানিয়েছে, অভিযোগগুলো চারজন ভুক্তভোগীকে ঘিরে, যাঁদের বয়স ঘটনার সময় ছিল ১৬ ও ১৭ বছর, এবং অভিযোগ করা ঘটনাগুলো ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে পোর্টসমাউথ ও ওয়েলসে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।



