দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আইসিইউ সুবিধার অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স দিয়েছে।
হৃদরোগে আক্রান্ত রোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যাংকটি জানিয়েছে।
সম্প্রতি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আবু তাহের আবু, খালেকুজ্জামান বাবু, ডাঃ গোলাম গাউস মন্টু, গোলাম রসুল রকেট, শামীম কবির, পিয়াল আহমেদ, মোকছেদ আলী মঙ্গলীয়া, ডায়াবেটিক হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু এবং ঢাকাস্থ দিনাজপুর সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশফাকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন, এমপির উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
পরবর্তীতে মন্ত্রীর পরামর্শক্রমে অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ সুবিধা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পর তা আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। ব্যাংকটির বিশ্বাস, অ্যাম্বুলেন্সটি বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি পরিবহন ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
