সাব-অর্ডিনেটেড বন্ডে ট্রাস্ট ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা মূলধন তুলল ইউসিবি ইনভেস্টমেন্ট
সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবিআইএল এই লেনদেনে লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লেনদেনটি সম্পন্ন হওয়া উপলক্ষে সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এমডি ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত নিয়ন্ত্রক মূলধন কাঠামো ও ব্যাসেল-৩-এর আওতায় ট্রাস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহৃত হবে। পাশাপাশি এ অর্থ ব্যাংকটির নিয়ন্ত্রক মূলধনের চাহিদা পূরণেও সহায়তা করবে।
ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, গত ছয় বছরে প্রতিষ্ঠানটি ৬৬টি বিনিয়োগ ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে এবং এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ২১ হাজার ৬০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানটি ঋণ ও ইকুইটি মূলধন বাজার, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক মূল্যায়ন এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিনিয়োগ ব্যাংকিং ও পরামর্শ সেবা দিয়ে থাকে।

