যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের লড়াইয়ে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হয়েছে। লাখো ভোটার ভোট দিচ্ছেন এই নির্বাচনে, যার মধ্য দিয়ে ঠিক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
বাংলাদেশ সময় বিকেল চারটার পর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টের একটি কেন্দ্র ভোটদানের জন্য খুলে দেওয়া হয়; এটিই চালু হওয়া প্রথম কেন্দ্র। স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়; এর মধ্যে রয়েছে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া।
এই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে, সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন পদে ভোট হচ্ছে। এসব পদের মধ্যে গভর্নর পদও রয়েছে।
বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসনে জয়ী হয়ে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার সুযোগও পাবে দলটি।



