…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা
ছবি: সংগৃহীত

ডাক বিভাগের মানিকগঞ্জ ও ঢাকা জেলার সাভার—এই দুই উপবিভাগে সহকারী পরিদর্শকসহ মোট ৬৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের সাতটি উপজেলার ছয়টিতেই উপজেলা পোস্টমাস্টারের পদ ফাঁকা। ফলে এসব ডাকঘরে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন অন্য পদের কর্মীরা।

পাশাপাশি বিভিন্ন পর্যায়ের জনবল সংকটে ভুগছে সাভার ও ধামরাই অঞ্চলের ডাকঘরগুলোও। ডাক বিভাগের কর্মকর্তারা জানান, ডাকঘরগুলোতে চিঠি আদান-প্রদানের পাশাপাশি পার্সেল গ্রহণ, বিতরণ, দাপ্তরিক যোগাযোগ এবং বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের কাজও হয়। প্রয়োজনীয় জনবল না থাকায় এসব সেবা পরিচালনা বিঘ্ন হচ্ছে।

সম্প্রতি মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন ডাকঘরে জনবল সংকটের বিষয়ে সংশ্লিষ্ট ডাকঘরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় তথ্য অধিকার আইনে ঢাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের (ডিপিএমজি) কার্যালয়ে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ডাকঘরগুলোর জনবল সংকটের এই চিত্র পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ সদর উপজেলায় অবস্থিত জেলার প্রধান ডাকঘরসহ জেলার ছয়টি উপজেলা এবং ঢাকার সাভার ও ধামরাইয়ের দুটি মিলে মোট আটটি উপজেলা ডাকঘর রয়েছে। এ ছাড়া রয়েছে ১০টি উপডাকঘর, ৫৪টি শাখা ডাকঘর, চারটি অবিভাগীয় উপডাকঘর (ইউডিএসও) এবং ৮২টি অবিভাগীয় শাখা ডাকঘর (ইডিবিও)।

ডাক বিভাগ থেকে পাওয়া তথ্যে দেখা যায়, মানিকগঞ্জ উপবিভাগের অধীনে সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলা ডাকঘরে উপজেলা পোস্টমাস্টারের পদ শূন্য। এ ছাড়া এসব উপজেলায় তিনটি সাব-পোস্টমাস্টার, পাঁচটি পোস্টাল অপারেটর, ছয়টি পোস্টম্যান, চারটি প্যাকার, চারটি রানার ও ১১টি ইডিএর (খণ্ডকালীন এজেন্ট) পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে এই উপবিভাগে ৩৮টি পদ শূন্য রয়েছে।

অন্যদিকে সাভার উপবিভাগের অধীন সাভার, ধামরাই ও সিংগাইর (মানিকগঞ্জ) অঞ্চলের ডাকঘরগুলোতেও ২৭টি পদ শূন্য আছে। এর মধ্যে সিংগাইর উপজেলা ডাকঘরের উপজেলা পোস্টমাস্টারের পদও শূন্য। এ ছাড়া এই উপবিভাগে একজন সহকারী পরিদর্শক, সাতজন সাব-পোস্টমাস্টার, তিনজন পোস্টাল অপারেটর, চারজন পোস্টম্যান, চারজন প্যাকার, দুজন রানার ও পাঁচজন ইডিএর পদ শূন্য রয়েছে। দুই উপবিভাগ মিলিয়ে শূন্য পদের সংখ্যা দাঁড়ায় ৬৫।

এক বছরেরও বেশি সময় ধরে সাটুরিয়া উপজেলা ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন পোস্টাল অপারেটর মুস্তাকুর রহমান। পদটি শূন্য থাকায় তাঁকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। মুস্তাকুর রহমান বলেন, ‘পোস্টাল অপারেটর হয়েও আমাকে উপজেলা পোস্টমাস্টারের দায়িত্ব পালন করতে হচ্ছে। এ জন্য আমাকে বাড়তি কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় না।’

সাভার উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার মনোয়ারা বেগম বলেন, দেশে কুরিয়ার সার্ভিসের প্রচলন হওয়ার পর ডাকঘরমুখী মানুষের সংখ্যা অনেকটা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ডাকঘরের মাধ্যমে চিঠি ও পার্সেল পাঠানোর প্রবণতা বেড়েছে। বিদেশ ও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন কয়েক শ চিঠি ও পার্সেল সাভার ডাকঘরে আসে, যা প্রাপকের কাছে পৌঁছে দিতে হয়। একইভাবে দেশের বাইরে ও দেশের ভেতরে পাঠানোর জন্য প্রতিদিন কয়েক শ চিঠি ও পার্সেল এই ডাকঘরে জমা হয়।

মনোয়ারা বেগম বলেন, ‘শুধু চিঠি ও পার্সেল আদান-প্রদান নয়, ডাকঘরে দাপ্তরিক কাজের পাশাপাশি আর্থিক লেনদেনের কাজও করতে হয় আমাদের। প্রয়োজনীয় জনবল না থাকায় দৈনন্দিন কাজ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ তিনি জানান, সাভার উপজেলা ডাকঘরে একজন সহকারী পরিদর্শকের পদ থাকলেও ওই পদে কোনো জনবল নেই। তিনটি পোস্টাল অপারেটর পদের বিপরীতে কর্মরত আছেন একজন। তিনটি পোস্টম্যান পদের বিপরীতে আছেন দুজন। একজন প্যাকার থাকার কথা থাকলেও পদটিতে কোনো কর্মী নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপডাকঘরেও জনবলের সংকট রয়েছে। ডাকঘরটির সাব-পোস্টমাস্টারের পদ দীর্ঘদিন ধরে শূন্য। সেখানে একজন পোস্টাল অপারেটরকে দিয়ে সাব-পোস্টমাস্টারের দায়িত্ব পালন করানো হচ্ছে। ডাকঘরটির দায়িত্বে থাকা পোস্টাল অপারেটর কল্যাণী রানী সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি সাব-পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছি। এভাবে আর কত দিন চলবে, তা আমার জানা নেই।’

জনবল সংকটের প্রভাব পড়ছে নিয়মিত চিঠি ও পার্সেল পাঠানো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপরেও—বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চিঠি, চাকরির আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি ও ব্যবসায়িক পার্সেল পাঠানোর ক্ষেত্রে যাঁরা ডাকসেবা গ্রহণ করেন, তাঁদের ওপর। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকার অ্যাসপায়ার গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রুবেল হোসেনকে প্রতিষ্ঠানের চিঠি রেজিস্ট্রি করতে প্রায়ই সাভার ডাকঘরে আসতে হয়। রুবেল বলেন, জনবল সংকটে ডাকঘর থেকে শুধু খামে ডাকটিকিট লাগিয়ে অনলাইনে নিবন্ধনের কাজ করা হয়, আর বাকি কাজ নিজেকেই করতে হয়। কিছুদিন আগেও প্রায় ৩০০টি চিঠির রেজিস্ট্রির প্রাথমিক কাজ তাঁকেই করে দিতে হয়েছে।

সাভার ডাকঘরের পোস্টম্যান আকমল হোসেন বলেন, ‘আমার কাজ চিঠি ও পার্সেল বিলি করা। কিন্তু চিঠি ও পার্সেল বিলির পাশাপাশি দাপ্তরিক কাজসহ ব্যাংকের কাজও আমাকেই করতে হয়।’

সাভার উপবিভাগের ডাকঘর পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, জনবল সংকটের কারণে ডাকঘরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যে জনবল আছে, তাঁদের দিয়ে সব কাজ চালাতে হয়। শিগগির শূন্য পদগুলো পূরণ করা হবে কি না, তা বলা যাচ্ছে না। জনবল সংকটের বিষয়ে জানতে ডাক বিভাগের মানিকগঞ্জ উপবিভাগের পরিদর্শক মো. নাঈমকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।

জাতীয় বিভাগের আরও খবর

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন তৈরি পোশাকশ্রমিকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্…

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরে তিন মামলা, আসামি অজ্ঞাতনামা ২ হাজার ৩০০-র বেশি, গ্রেপ্তার ১১
জাতীয়

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরে তিন মামলা, আসামি অজ্ঞাতনামা ২ হাজার ৩০০-র বেশি, গ্রেপ্তার ১১

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ২ হাজার …

জাতীয়

আশুলিয়া-সাভারে শ্রমিক পরিচয়ে বিশৃঙ্খলার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে, জানালেন ঢাকার এসপি শামীমা পারভীন

আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্রমিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়…

জাতীয়

ঢাকা দক্ষিণের ১০ থানা এলাকায় সড়ক, নালা ও ফুটপাত উন্নয়নে ৭১৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব একনেকে

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১০টি থানা এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক, নালা ও ফুটপাত সংস্কার ও উন্নয়নে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার একট…