২১ বছর পর মেসিকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড, নতুনদের ওপর আস্থা স্কালোনির

২০০৫ সালে আকাশী-নীল জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া পূর্ণাঙ্গ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
দীর্ঘ দুই দশক আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন মেসি। দলের কঠিন সময়ে হাল ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন একের পর এক বৈশ্বিক মঞ্চে। তাঁর নেতৃত্বে দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা।
ঘোষিত স্কোয়াডে তারুণ্য ও নতুনদের সুযোগ দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন স্কালোনি। দলে প্রথমবার ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ২১ বছর বয়সি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো।
স্কোয়াডে ফিরেছেন রিভার প্লেটের গনসালো মন্তিয়েল এবং পারমার মারিয়ানো ত্রোইলো। সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আগুস্তিন জিয়াই ও ফ্লাকো লোপেজও।
তবে জায়গা হয়নি দীর্ঘদিনের নিয়মিত মুখ এবং মেসির ঘনিষ্ঠ সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোর।
গোলবারের দায়িত্বে রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানকে। রক্ষণভাগে মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর সঙ্গে আছেন তরুণ বালের্দি ও আনসেলমিনো।
মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও এজেকুয়েল পালাসিওসের সঙ্গে নতুন প্রজন্মের নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও থিয়াগো আলমাদার ওপর আস্থা রাখা হয়েছে। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের নেতৃত্বে ডাক পেয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও সান্তিয়াগো কাস্ত্রো।
এই উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে মুখোমুখি হবে কোস্টারিকার।




