ফ্লোরিডার সিনেট আসনে প্রগ্রেসিভ অ্যাঞ্জি নিক্সনকে হারিয়ে জয়ী রিপাবলিকান অ্যাশলি মুডি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিনেট আসনের বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অ্যাঞ্জি নিক্সনকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান অ্যাশলি মুডি। এ জয়ে তিনি নিজের সিনেট আসনটি ধরে রাখলেন।
এই প্রতিযোগিতাকে দেখা হচ্ছিল একটি মাপকাঠি হিসেবে — ফ্লোরিডা এখনো নির্ভরযোগ্যভাবে রিপাবলিকান রাজ্য আছে, নাকি পরিস্থিতি বদলাচ্ছে।
এটি রিপাবলিকান মুডির প্রথম নির্বাচনী জয়। মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস তাকে এই আসনে নিয়োগ দিয়েছিলেন। মুডি রুবিওর মেয়াদের বাকি অংশ, ২০২৮ সালের নির্বাচন পর্যন্ত, দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবারের ভোটের আগের জরিপগুলোতে মুডির স্পষ্ট কিন্তু সংকীর্ণ ব্যবধানে এগিয়ে থাকার চিত্র পাওয়া গিয়েছিল। বিশিষ্ট প্রগ্রেসিভ ডেমোক্র্যাটদের সমর্থন নিয়ে সেই ব্যবধান ঘোচানোর চেষ্টা করেছিলেন নিক্সন।
গত মাসে মধ্য ফ্লোরিডায় নিক্সনের সঙ্গে সমাবেশ করেছেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। ওই এলাকাটি অভিবাসী-অধ্যুষিত, যেখানে ট্রাম্প প্রশাসনের কঠোর আটক ও বহিষ্কার নীতি অজনপ্রিয় হয়েছে।
রিপাবলিকানরা নিবন্ধিত ভোটারে ১৫ লাখের ব্যবধান গড়ে তুলেছে ফ্লোরিডায়। অন্যদিকে ডেমোক্র্যাটরা এক দশক ধরে রাজ্যজুড়ে কোনো নির্বাচনে জয় পায়নি; ফ্লোরিডার হারানো ব্যাটলগ্রাউন্ড মর্যাদা ফিরে পাওয়ার অগ্রগতি হয়েছে কি না, তা যাচাইয়ের সুযোগ ছিল এই ভোট।
প্রচারণায় মুডি নিক্সনকে ‘সমাজতন্ত্রী’ বলে নিন্দায় মনোযোগ দেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সঙ্গে নিক্সনের সংশ্লিষ্টতাকে তিনি পুলিশ ও মার্কিন সামরিক বাহিনীর তহবিল কমানো, কারাগার বিলোপ এবং অনিয়ন্ত্রিত অভিবাসন ও অনাগরিকদের ভোট সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেন।
মুডি ট্রাম্পের অভিবাসন নীতির প্রশংসা করেছেন। তবে ইরান যুদ্ধ ও গ্যাসের উচ্চ দাম নিয়ে প্রেসিডেন্টের প্রতি প্রবল অসন্তোষের বিষয়টি মাথায় রেখে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের প্রশংসা করা থেকে মূলত বিরত ছিলেন।
নিক্সন জোরালোভাবে প্রচারণা চালান জীবনযাত্রার ব্যয় ও রাজনীতিতে দুর্নীতির বিষয়ে। তিনি বারবার ‘হোপ ফ্লোরিডা’ কেলেঙ্কারিতে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে মুডির ভূমিকার কথা তুলে ধরেন; ওই ঘটনায় ডিস্যান্টিস প্রশাসন ১ কোটি ডলারের একটি মেডিকেইড অর্থ রাজনৈতিক কমিটিগুলোতে সরিয়ে দিয়েছিল।
এক সাক্ষাৎকারে নিক্সন বলেছিলেন, ‘আমি কারাগার বিলোপ করতে চাই না, কারণ আমি অ্যাশলি মুডিকে একটি কারাগারে দেখতে চাই।’ তার প্রচারণার সবচেয়ে ভাইরাল মুহূর্তগুলোর একটি ছিল এই মন্তব্য।




