…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বুধবার

নিজস্ব প্রতিবেদক
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বুধবার
ছবি: সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সাক্ষাতের সময় সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।

প্রতিনিধিদলের সঙ্গে আরও রয়েছেন ইংরেজি দোভাষী শি মেইচি, আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িইয়াং।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এ সময় তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

একই দিন বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর তিনি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি। সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে লিউ হাইশিং ও তার প্রতিনিধি দলের।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

অকাস চুক্তিকে ‘সবচেয়ে খারাপ ও ঝুঁকিপূর্ণ’ সিদ্ধান্ত বলল অস্ট্রেলিয়ার জনতদন্ত, বাতিলের আহ্বান
আন্তর্জাতিক

অকাস চুক্তিকে ‘সবচেয়ে খারাপ ও ঝুঁকিপূর্ণ’ সিদ্ধান্ত বলল অস্ট্রেলিয়ার জনতদন্ত, বাতিলের আহ্বান

অস্ট্রেলিয়ার ৩৬৮ বিলিয়ন ডলারের অকাস পরমাণু সাবমেরিন চুক্তিকে দেশটির কোনো সরকারের নেওয়া ‘সবচেয়ে খারাপ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সবচেয়ে ব্যয়বহুল প্রতি…

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিচার আদালতে পাঁচ বিচারক নির্বাচিত, ঝুলে আছে রেকর্ড ২৪টি মামলা

জাতিসংঘ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নয় বছর মেয়াদের জন্য পাঁচজন বিচারক নির্বাচিত করেছে। আদালতটি এখন রেকর্ড পরিমাণ মামলার ভার সামলাচ্ছে, যার মধ্…

আন্তর্জাতিক

ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বোমা হামলায় নিহত বেড়ে ৩৩, নিখোঁজ আরও ৫০ জন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন। ইউক্রেনের প্রেসিডে…

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে কাজে একমত ইসরায়েলের দুই বিরোধী দল
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে কাজে একমত ইসরায়েলের দুই বিরোধী দল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দেশটির আরব জয়েন্ট লিস্ট ও ডেমোক্র্যাটস …