ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীতে বদলে গেল দফাদার ও মহল্লাদারের পদবি

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাহিনীর ‘দফাদার’ পদটি ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদটি ‘গ্রাম পুলিশ’ নামে পরিচিত হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১ নভেম্বর জারি করা এই সংশোধনীর মাধ্যমে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এ পরিবর্তন আনা হয়েছে।
‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার এই সংশোধনী করেছে। সংশোধিত বিধিমালায় সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।
সংশোধিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।



