এনপিএলের মাঝপথেই দেশে ফিরছেন ইমন-সাইফউদ্দিন-রিপন, রাইজিং স্টার্সের ক্যাম্পে ডাক
নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) খেলতে গিয়ে আসরের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তিন বাংলাদেশি ক্রিকেটারকে। পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল—এই তিনজনই আছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক স্কোয়াডে, আর সেই কারণেই তাঁদের ফিরে আসতে হচ্ছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৯ জন ক্রিকেটারের ক্যাম্প। রাইজিং স্টার্সের প্রস্তুতির এই ক্যাম্পে যোগ দিতেই এনপিএল ছাড়তে হচ্ছে তাঁদের।
এনপিএলে ইমন ছিলেন জনকপুর বোল্টসে। তবে এই দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।
সাইফউদ্দিন খেলছিলেন পোখারা এভেঞ্জার্সের হয়ে। আর রিপন মণ্ডল কাঠমান্ডুর হয়ে খেলেছেন দুটি ম্যাচ।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। সেই আসরকে সামনে রেখেই এখন দেশে দলীয় প্রস্তুতিতে মন দিতে হবে এই তিন ক্রিকেটারকে।
আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল এবং হংকংয়ের জাতীয় দল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল।




