যশোর-খুলনা মহাসড়কে অভয়নগরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত, গুরুতর আহত একজন

যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস, হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব এবং বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়াতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন নিহত হন।
জানা যায়, আপন মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১২টার দিকে প্রেমবাগ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল আপনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি লুৎফর রহমান আরও জানান, পৃথক দুর্ঘটনা দুটির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




